প্রতিবেদক: তারফদার মামুন
শান্তির বার্তা দিলেন আহমদ বিলাল: সমর্থকদের কাছে ক্ষমা, সহিংসতা বর্জনের আহ্বান
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতা ও উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সমর্থক ও ভোটারদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, গত ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে মৌলভীবাজার সদর ও রাজনগরের সব ভোটারের কাছে সরাসর
ি পৌঁছানো তাঁর পক্ষে সম্ভব হয়নি। এ সময় কারও কাছে তাঁর বক্তব্য, আচরণ বা দাওয়াতে কোনো ত্রুটি হয়ে থাকলে তিনি সেজন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ভিডিও বার্তায় তিনি বলেন, নির্বাচিত হলে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন এবং চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত ও ঘুষমুক্ত এলাকা গড়ে তুলতে চেষ্টা করবেন। নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই মারামারি, সংঘর্ষ বা সহিংসতায় জড়ানো উচিত নয়। নির্বাচন একটি নির্দিষ্ট সময়ের বিষয় হলেও সহিংসতায় সৃষ্ট ক্ষতি আর পূরণ করা যায় না। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত দিনে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকের কর্তব্য। একই সঙ্গে তিনি সবাইকে সংঘাত, উত্তেজনা, কাঁদাছোড়া ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। শেষে তিনি বলেন, “ আমরা শান্তি চাই, অশান্তি চাই না। নির্বাচনী আচরণবিধি মেনে চলা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই যেন আমরা নিজেদের মধ্যে ক্ষতির কারণ না হই।”

