কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারে ডেঙ্গু কেড়ে নিল তরুণ ব্যবসায়ীর প্রাণ
মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত রাকিবুল ইসলাম হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জামাল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি মৌলভীবাজারের কমল
গঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে নাবা ডিজিটাল সাইন নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাকিবুল ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। প্রথমদিকে চিকিৎসা চললেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকিবুলের চাচাতো ভাই সোহেল মিয়া জানান, কয়েকদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন রাকিবুল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাজন আবেদীন রাজু বলেন, রাকিবুল ছিলেন মিশুক, সদালাপী ও পরিশ্রমী। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে ভানুগাছ বাজারের ব্যবসায়ী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, সিলেটে মৃত্যু হওয়ায় হয়তো বিষয়টি তাকে জানানো হয়নি। রাকিবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে বিষয়টি তিনি জানতে পারতেন। রাকিবুলের মৃত্যুতে তার পরিবার, স্বজন, ব্যবসায়ী সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারেও নেমে এসেছে শোকের ছায়া।

