মৌলভীবাজার প্রতিনিধি
ন্যায্য ভাড়া চাইতেই শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, চৌমুহনা রোডে টমটম চালকের বিরুদ্ধে ক্ষোভ
মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনা রোডে আবারও টমটম চালকদের ইচ্ছেমতো ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এবার ন্যায্য ভাড়া দাবি করায় এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী শাহরিয়ার আল মামুন জানান, চৌমুহনা থেকে হাফিজা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার জন্য তিনি একটি টমটমে ওঠেন। ওই রুটে নির্ধারিত ভাড়া ৫ টাকা হলেও চালক ১০ টাকা দাবি করেন। শিক্ষার্থী ভাড়া নির্ধারণের বিষয়টি উল্লেখ করে প্রতিবাদ জানালে চালক
ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গায়ে হাত দেওয়ার অভিযোগও ওঠে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট টমটমটির নাম্বার ফ-০৭৩৭৪২ (আনুমানিক)। স্থানীয়দের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত গাড়ি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। জানা যায়, ভুক্তভোগীর কাছে ৫ টাকা ভাড়া নির্ধারণের প্রমাণও রয়েছে, যা পূর্বে মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল। তবুও বাস্তবে সেই সিদ্ধান্ত মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলে একজন সচেতন ব্যক্তি এগিয়ে এলে চালকের ভাষা বদলে যায়। তখন তিনি তেল, গ্যাস, যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং দৈনিক খরচের কথা তুলে ধরে বাড়তি ভাড়া নেওয়ার সাফাই গাইতে থাকেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, অনেক সময় তিনি স্বেচ্ছায় ১০ টাকা পর্যন্ত ভাড়া দিয়েছেন। কিন্তু এদিন বাড়তি টাকা নয়, প্রতিবাদের কারণ ছিল চালকের রূঢ় আচরণ ও যাত্রীদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার। তিনি প্রশ্ন রাখেন, একজন শিক্ষার্থী ন্যায্য ভাড়া চাইলে কি এভাবেই অপমানিত হবেন? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন সড়কে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। নির্ধারিত ভাড়া উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায়, যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো এখন যেন নিত্যদিনের চিত্র। অথচ সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো তদারকি নেই। সচেতন মহলের দাবি, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় দ্রুত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে নির্ধারিত ভাড়া কার্যকর করুক। একইসঙ্গে যাত্রী হয়রানি ও অসদাচরণে জড়িত চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মৌলভীবাজারবাসীর প্রশ্ন, কাগজে-কলমে যদি ভাড়া ৫ টাকা থাকে, তবে সড়কে তা মানা হচ্ছে না কেন? সাধারণ মানুষ কি তবে প্রতিদিনই নীরবে অতিরিক্ত ভাড়া দিয়ে যাবে?

