মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) বিকেল ৪টায় মৌলভীবাজারের শাহীন স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উ
ন্নয়ন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। গীতা পাঠ করেন মৌলভীবাজার সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রজত দাশ। পরে উপস্থিত নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ চৌধুরী রাজু, মুহিবুর রহমান, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্চিত বিশ্বাস, অর্থ সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা বেগম, শ্রীমঙ্গল উপজেলার মুহাজেরাবাদ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. নূর আলম, অফিস সম্পাদক মো. আতিকুর রহমান, ব্লু বার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান, মৌলভীবাজার সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান এবং এম মছলন মিয়া কে.জি. অ্যান্ড হাই স্কুলের মো. ওবায়দুন্নবী রিফাত। বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিশুদের প্রাথমিক শিক্ষা ও নৈতিক বিকাশে এসব প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। তবে নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষার গুণগত মান বজায় রাখতে শিক্ষক ও উদ্যোক্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষা পদ্ধতির প্রয়োগ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মো. এমরান হোসেন মজুমদার সকল অতিথি, শিক্ষক, সংগঠক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক যোগাযোগ এবং সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি শিক্ষাবান্ধব একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

