মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মো:সাইফুল ইসলাম
অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং দায়িত্বশীল কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জুলাই মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। এ উপলক্ষে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও সনদ তার হাতে তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলামসহ সিলেট
রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, জুলাই মাসজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি এবং জনসেবামুখী পুলিশিং কার্যক্রমে অসামান্য সাফল্যের ভিত্তিতে ওসি মো. সাইফুল ইসলামকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় ওসি মো. সাইফুল ইসলাম বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়; এটি মৌলভীবাজার মডেল থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত পরিশ্রম, সততা এবং দায়িত্ববোধের স্বীকৃতি।" তিনি এ সম্মাননার জন্য সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি মৌলভীবাজার মডেল থানার সকল অফিসার, সদস্য এবং অধীনস্থ পুলিশ ফাঁড়িগুলোর কর্মকর্তা ও ফোর্সের অক্লান্ত সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকেও এ অর্জনকে গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, এই স্বীকৃতি বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনকল্যাণমূলক সেবায় উৎসাহিত করবে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে জেলা পুলিশ একই ধারাবাহিকতায় কাজ করে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার মডেল থানা মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং জনগণের আস্থা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। এদিকে এ সম্মাননা অর্জনের খবরে মৌলভীবাজার জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই সম্মাননা ভবিষ্যতে আরও জনমুখী, জবাবদিহিমূলক ও সেবাধর্মী পুলিশিং কার্যক্রম পরিচালনায় মৌলভীবাজার মডেল থানাকে নতুন অনুপ্রেরণা যোগাবে।

