জাগ্রত বার্তা প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে শেগুফতা রাব্বানীর আগ্রহ উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি
মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন শেগুফতা রাব্বানী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি নিজের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সাবেক চারবারের সংসদ সদস্য বেগম খালেদা রব্বানীর জ্যেষ্ঠ কন্যা হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে আরও গুরুত্ব পাচ্ছে। মনোনয়ন পেলে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শেগুফতা রাব্বানী বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকবে। পাশাপ
াশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার ওপরও জোর দেন তিনি। তিনি উল্লেখ করেন, মৌলভীবাজারে শিক্ষা খাত এখনও প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটকে কার্যকরভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি সার্ভে ইনস্টিটিউট স্থাপনের দাবিও জানান তিনি। শুধু শিক্ষা নয়, অবকাঠামো উন্নয়নেও গুরুত্বারোপ করেন তিনি। জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ এবং শহর রক্ষাবাঁধকে টেকসই করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে বন্যা ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। এছাড়া প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং চা-বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়েও তিনি আলোকপাত করেন। কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থাও জরুরি বলে মনে করেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে তিনি উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে বলেন, একটি নিরাপদ পরিবেশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শেগুফতা রাব্বানী জানান, সুযোগ পেলে তিনি তার মায়ের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো এগিয়ে নিতে চান এবং মৌলভীবাজারকে একটি উন্নত ও সম্ভাবনাময় জেলায় পরিণত করতে কাজ করবেন।

