স্টাফ রিপোর্টার
অপহরণ করে বিএনপি নেতার বাড়িতে আটকে নির্যাতন, প্রতিবাদে ফুঁসছে এলাকাবাসী
মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের সুমারাই গ্রামের কৃষকদল নেতা তোফায়েল আহমদকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতাসহ তাঁদের স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তোফায়েলের পরিবারের সদস্যরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে তো
ফায়েলের পথরোধ করেন পালপুর গ্রামের ফখরুজ্জামান, তাঁর ভাই শফিউল আলম জগলুসহ ১০-১২ জন। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে হামলার পর তাঁকে তুলে নিয়ে ফখরুজ্জামানের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাঁকে ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের বিষয়ে মানববন্ধনে বক্তারা বলেন, জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। তাঁদের দাবি, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডের বিচার না হলে এলাকায় অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। অভিযুক্ত ফখরুজ্জামান আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি। তাঁর ভাই শফিউল আলম জগলু সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বলে উল্লেখ করেন বক্তারা। মানববন্ধন থেকে ফখরুজ্জামান, জগলুসহ ঘটনায় জড়িত বলে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

