মৌলভীবাজার প্রতিনিধি
তাহলে কি নিরাপত্তাজনিত কারণেই রাজনগরের জনসভা পরিবর্তন? যা বললেন বিএনপি নেতা।
আগামী ১৭ জুন রাজনগর উপজেলায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার। প্রটোকল অফিসার ও প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের কারণে রাজনগর কলেজ মাঠের পরিবর্তে এই জনসভা এখন অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলা সদরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন সম্প্রতি এক ভিডিও বার্তায় রাজনগরবাসীকে এই স্থান পরিবর্তনের বিস্তারিত কারণ ব্যাখ্যা করেছেন এবং সবাইকে মৌলভীবাজারের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয
়েছেন। বক্তব্যের শুরুতেই নুরুল ইসলাম সেলুন রাজনগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব রাজনগরে আসবেন শুনে আমরা সত্যি খুব আনন্দিত ও উৎসাহিত ছিলাম। রাজনগরকে তিনি ছুঁয়ে যাবেন—এটি ছিল আমাদের জন্য গর্বের। তবে স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, একজন প্রধানমন্ত্রীর সফরের পেছনে বিশাল প্রটোকল এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা (সিকিউরিটি) জড়িত থাকে। যেহেতু এই জনসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, তাই সবদিক বিবেচনা করে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এবং প্রশাসনের যৌথ সিদ্ধান্তে রাজনগর কলেজ মাঠের পরিবর্তে অনুষ্ঠানটি মৌলভীবাজারে স্থনান্তর করা হয়েছে। রাজনগরবাসীর মন খারাপ না করার অনুরোধ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি স্পষ্ট করে বলেন, স্থান পরিবর্তন হলেও এটি মূলত রাজনগরেরই অনুষ্ঠান। রাজনগরের টেংরা ইউনিয়নের উন্নয়নের স্বার্থের সাথে এই প্রোগ্রামের গভীর সংযোগ রয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজনগরে এলেও আমরা আমাদের যে দাবিদাওয়াগুলো জানাতাম, এখন রাজনগরের বদলে মৌলভীবাজারের অনুষ্ঠান থেকেও সেই একই দাবিগুলো তাঁর কাছে তুলে ধরা হবে। রাজনগরের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবিগুলোর কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, স্থান যেখানেই হোক না কেন—রাজনগরের পৌরসভা গঠন, গ্যাস সংযোগ, রাস্তাঘাট ও কলেজের উন্নয়নসহ প্রধান দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে জোরালোভাবে উপস্থাপন করা হবে এবং তা পূরণ হবে। অনুষ্ঠানটি সফল করতে রাজনগরের প্রতিটি ইউনিয়নের জনগণকে দলে দলে মৌলভীবাজারে আসার আহ্বান জানিয়েছেন নুরুল ইসলাম সেলুন। একই সাথে জেলা নেতৃবৃন্দ—ফয়জুর রহমান মহিন, দাসের বাজারের প্রিপন সাহেবসহ অন্যান্য শীর্ষ নেতাদের সহযোগিতা কামনা করেছেন তিনি। বক্তব্যের শেষাংশে রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সাথে একাত্মতা প্রকাশ করে সেলন বলেন, "আসুন, আগামী ১৭ জুন আমরা সবাই দলে দলে মৌলভীবাজারে গিয়ে আমাদের এই ঐতিহাসিক প্রোগ্রামকে সফল ও সার্থক করে তুলি। রাজনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন এই জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

