শনিরআখড়া প্রতিনিধি
কদমতলীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, ঢামেকে চিকিৎসাধীন
রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়া এলাকায় দোকানের ভিতর ঢুকে মোঃ আসলাম খান (৪০) নামে এক রাইস কুকার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (০৫) সেপ্টেম্বর রাত ৮:২০ মিনিটের দিকে শনিরআখড়া রয়েল হাসপাতালের সামনে "লাকী রাইস কুকারিজ" নামের দোকানে এই ঘটনা ঘটে। আহতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন বলেন, আজ রাত ৮.২০ টার দিকে অজ্ঞাত এক দুর্বৃত্ত দোকানে প্রবেশ কর আমার বন্ধুকে লক্ষ্য করে এলোপাথাড়ি
গুলি করে। এতে তার বাম হাতে ও মুখের ডান পাশে গুলি লেগে গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯.০০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ৩০৩ নং ওয়ার্ডে ভর্তি দেন । আহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভোদরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামে। বর্তমানে তিনি কদমতলী থানার পলাশপুর শনির আখড়ায় বসবাস করতেন। তার বাবার নাম আলী আকবর খান। তিনি দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন রাইস কুকার ব্যবসায়ী এবং রিয়েল এস্টেটের বিজনেস এর সাথেও জড়িত বলে জানা যায়। তিনি আরো জানান, ঘটনার পরপরই এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে কেন আমার বন্ধুকে এরকম হামলার শিকার হতে হলো সেটা আমরা আসলে কেউ বলতে পারছি না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে আসেন। বর্তমানে তিনি ৩০৩ নং ওয়ার্ডে ভর্তি আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

