মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাগমারা ও মেঘনা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামানিক (২০) ও ইরান প্রামানিক (২২), মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০), মোঃ রাব্বি হোসেন (২২) এবং মোঃ সুহান শেখ ওরফ
ে সোহান (২৩)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশের দাবি। ওসি আরও জানান, বিগত সরকারের আমলে তাঁরা অবৈধভাবে প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সকালে বাহাদুরপুর এলাকায় একত্রিত হয়ে তাঁরা একটি মিছিলে অংশ নেন। এ ঘটনায় তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম গতকাল শনিবার সকালে নিজের মাকে সঙ্গে নিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় একটি মিছিল করেন। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

