স্টাফ রিপোর্টার
অটোরিকশা ছিনতাইয়ের লোভে তরুণ চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাত্র ১৮ বছর বয়সী চালক হাবিবুর রহমানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রশংসনীয় তৎপরতা দেখিয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। মরদেহ উদ্ধারের মাত্র আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে একজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী।
পুলিশের এই দ্রুত অভিযান শুধু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং অপরাধীদের শনাক্ত ও আলামত উদ্ধারের ক্ষেত্রেও কার্যকর ভূমিকার দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানা পুলিশ। পরে মরদেহের পরিচয় শনাক্ত হয়। নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক। তিনি গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশের বিশেষ দল। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অটোরিকশাটি উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে চোরাই ব্যাটারি কেনার অভিযোগে দোকানি আঃ মোসাব্বির (২৮)কেও গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করে আমিন আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করে। পরে আছকান ফোন করে সোহেলকে ডেকে আনে। সোহেল সেখানে পৌঁছানোর পর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের একপাশে রাখা হয়। পরবর্তী সময়ে সোহেল ও আছকান নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আঃ মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে বলে পুলিশ জানিয়েছে। ব্যাটারি বিক্রির টাকা দিয়ে ইয়াবা কিনে তারা পুনরায় আমিনের বাড়িতে যায় এবং তিনজন মিলে মাদক সেবন করে। পরে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। এ ঘটনায় আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনীও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—আছকান মিয়া (২৭), পিতা মৃত নিজাম মিয়া, সাং কোজারগাঁও, ২ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর একাটুনা ইউনিয়ন; আমিন আলী (৪৫), পিতা মৃত আছদ্দর মিয়া, সাং বড়বাড়ি সোনাপুর; সোহেল মিয়া (৩২), পিতা মৃত কুতুব মিয়া, সাং সিংকাপন, ৬ নম্বর একাটুনা ইউনিয়ন এবং আঃ মোসাব্বির (২৮), পিতা মৃত মোতুজা উল্লা, সাং মোস্তফাপুর। তাঁদের সবার বাড়ি মৌলভীবাজার জেলায়। পুলিশের প্রশংসনীয় তৎপরতা মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। একটি তরুণ প্রাণ কেড়ে নেওয়া এমন নৃশংস হত্যাকাণ্ডের পর দ্রুততম সময়ে অভিযুক্তদের শনাক্ত, গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে পুলিশের এই তৎপরতা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকার পরিচয় বহন করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এখন তদন্তের পাশাপাশি দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই নিহত হাবিবুরের পরিবার ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছে।

