মৌলভীবাজার প্রতিনিধি
সড়ক যোদ্ধা পদক পেলেন নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম
সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সড়ক যোদ্ধা পদক-২০২৬’ অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের সচেতন করা, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।শুক্রবার (৭ আগস্ট) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্প
কলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংগঠনটির ১১তম মহাসমাবেশে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নিসচা’র ১১তম মহাসমাবেশে সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পদক প্রদান করা হয়। নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়-এর সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়াও নিসচা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন শাখার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মাননা অর্জনের পর নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন,এই সম্মাননা শুধু একটি পদক বা সনদ নয়; এটি সড়ক নিরাপত্তার জন্য কাজ করা প্রতিটি সড়কযোদ্ধার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি। এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত কমলগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। চালক, পথচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে, নিজের অর্জিত ‘সড়ক যোদ্ধা পদক’ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং প্রশাসনিকভাবে যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি উৎসর্গ করেছেন সাংবাদিক মো. আব্দুস সালাম। তিনি বলেন, এই অর্জন আমার একার নয়। নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিটি নেতৃবৃন্দ ও সদস্যের পরিশ্রম, সহযোগিতা এবং সড়ক নিরাপত্তার প্রতি আন্তরিকতার ফল এই সম্মাননা। পাশাপাশি প্রশাসনের যেসব কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের কার্যক্রমে সহযোগিতা করেছেন, আমি এই পদক তাদের সকলের প্রতি উৎসর্গ করছি। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সামাজিক আন্দোলন। তাই নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা ভবিষ্যতেও চালক, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

