মো শান্ত খান সাভার প্রতিনিধি
সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
ঢাকার সাভারে নির্মাণাধীন তিনতলা ভবনের বাঁশ খুলতে গিয়ে মাটিতে পড়ে বিশেশ্বর (পরিচয় নিশ্চিত নয়) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের কাতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিশেশ্বরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলামের তিনতলা বাড়ির বাঁশ খুলছিলেন বিশেশ্বর। এ সময় অসাবধানতাবশত তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নে
ওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

