মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজানুর রহমান মিজান
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান (ভিপি মিজান)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার ১৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ৪২ জনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তালিকার ৩৭ নম্বরে রয়েছে মৌলভীবাজার জেলার নাম, যেখানে প্রশাসক
হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান মিজানকে। সরকারি আদেশে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন। নিয়োগের খবর প্রকাশের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ভিপি মিজানুর রহমান মিজান বলেন, “আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মৌলভীবাজারবাসীর আস্থা ও ভালোবাসা নিয়েই আমি দায়িত্ব পালন করতে চাই। জেলা পরিষদকে জনগণের সেবার একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “মৌলভীবাজারের সার্বিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। আমি সকল রাজনৈতিক মতভেদ ভুলে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি, যাতে একসঙ্গে কাজ করে মৌলভীবাজারকে এগিয়ে নেওয়া যায়।” মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনীতিতে সক্রিয় একজন পরিচিত মুখ। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা রয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল মনে করছে, অভিজ্ঞ এই নেতার হাতে দায়িত্ব যাওয়ায় জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে। মৌলভীবাজারবাসীর দৃষ্টি এখন নতুন প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান-এর নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রমের দিকে।

