প্রতিবেদক: কায়কোবাদ
১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা—তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন বালাম। নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামে জেন–জির পছন্দ ও রুচিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, আবার গান নি
য়ে সিরিয়াসভাবে কাজ শুরু করতেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে তিনি উপলব্ধি করেছেন, একটি গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা কঠিন। অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকায় একজন শিল্পী নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছাতে পারেন। ‘মাওলা’ অ্যালবামেও সেই বৈচিত্র্যই তুলে ধরার চেষ্টা থাকবে বলে জানান তিনি। এই অ্যালবামের ছয়টি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে অ্যালবামের সব গান অডিও আকারে প্রকাশিত হবে। পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে তার প্রকাশিত চারটি একক অ্যালবাম হলো ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের একাধিক গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’। দীর্ঘদিন নতুন গান প্রকাশ না করলেও ২০২৩ সালে সিনেমা ‘প্রিয়তমা’-এর জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ দিয়ে আবারও আলোচনায় ফেরেন বালাম। পরে তিনি ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন।

