স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও এর পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবি জানান। মানববন্ধনে প্রদর্শিত প্লেকার্ডে লেখা ছিল পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বি
পন্ন আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না এবং হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া। মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার মিয়া, সারফিন আহমদ, বিল্লাহ আহমদ, সালমান মিয়াসহ স্থানীয়রা। বক্তারা বলেন, হাইল হাওড় একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমি। এখানে শহরের ময়লা আবর্জনা ফেলা হলে হাওড়ের পানি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য জলাভূমির পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। তারা অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশসম্মত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। স্থানীয়দের একাংশ হাইল হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার যে কোনো উদ্যোগ গ্রহণের আগে পরিবেশগত প্রভাব ও জনস্বার্থ বিবেচনার দাবি জানিয়েছেন।

