হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার (২২ নভেম্বর) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁও
য়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বক্তারা আরও বলেন, কোনো গোষ্ঠী বা সংগঠন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পায়গাম আলী বলেন, যারা ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়, তারা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাশত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

