প্রতিবেদক: কায়কোবাদ
শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কের ঝড় তুললেন তুর্কি অভিনেত্রী
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তারকাবহুল এই আয়োজনে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি, আর অনুষ্ঠানটির নানা ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল ভিডিওগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে একটি ক্লিপ, যেখানে মঞ্চে শাহরুখ খানের সঙ্গে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকে। ওই মুহূর্তে পাশে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায় জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে। এ
ই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক শাহরুখ ভক্ত দাবি করেন, হান্দে এরচেল অভিনেতার ভক্ত হিসেবেই ভিডিও ধারণ করছিলেন। কেউ কেউ তাকে শাহরুখ খানের ‘ফ্যানগার্ল’ বলেও মন্তব্য করেন। এর পর থেকেই শুরু হয় বিতর্ক। বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ওই স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চের ভিডিওর প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এই কাকু কে? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম, আমি তার ভক্ত নই। দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন।’ এই স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শাহরুখ খানকে চিনতে না পারা এবং তাকে ‘কাকু’ বলে সম্বোধনের অভিযোগে অভিনেতার ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। তবে বর্তমানে হান্দে এরচেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো স্টোরি দেখা যাচ্ছে না। ফলে স্ক্রিনশটটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, অভিনেত্রী প্রথমে স্টোরিটি প্রকাশ করেছিলেন এবং পরে তা মুছে ফেলেন। যদিও এ বিষয়ে হান্দে এরচেল নিজে থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এদিকে পুরো ঘটনা নিয়ে এখন পর্যন্ত শাহরুখ খানও কোনো মন্তব্য করেননি। ফলে জয় অ্যাওয়ার্ডস ২০২৬কে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।

