প্রতিবেদক: তারফদার মামুন
রাজনগর ফতেহপুরে ঘর ভাঙচুর মামলা: প্রধান আসামির সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতার অভিযোগ
মৌলভীবাজার/রাজনগর প্রতিনিধি রাজনগর উপজেলার ফতেহপুর এলাকায় একটি ঘর ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামির সঙ্গে পুলিশের অস্বাভাবিক ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দেওয়ার তিন দিন পর মামলা রেকর্ড হলেও তদন্ত ও পরবর্তী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী পরিবার। শাহবাজপুর গ্রামের বাসিন্দা দিলারা বেগমের করা মামলায় পাশের বাড়ির খোরশেদ আলমকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশি তৎপরতা দৃশ্যমান নয়। উল্টো, মামলার প্রধান আসামির সঙ্গে রাজনগর
থানার এএসআই আনছার আলীর ঘনিষ্ঠ যোগাযোগ ও একাধিকবার একসঙ্গে চলাফেরার দৃশ্য স্থানীয়দের নজরে এসেছে—যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের ভাষ্য, অভিযোগ দেওয়ার পরপরই মামলা নথিভুক্ত না হওয়া এবং পরে আসামির সঙ্গে পুলিশের ‘মিলন মেলা’ ধরনের আচরণে ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

