প্রতিবেদক: Muhit
রাজাপুর ব্রিজের পাশে মনু নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ২ লক্ষ টাকা জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজ সংলগ্ন মনু নদী থেকে লাগাতার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি উপেক্ষা করে মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একাধিকবার স্থানীয় ও জাতীয় দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পৃথিমপাশা
ইউনিয়নের শালিকা এলাকায়, রাজাপুর ব্রিজের এক কিলোমিটারের ভেতরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালুমহালের ইজারাদারের ম্যানেজার সাকিবকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। একইসঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত স্থাপনা ও যন্ত্রপাতি অনুমোদিত দূরত্বে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। এর আগেও একাধিকবার বালুমহালের ইজারাদারকে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরপরও যদি নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, ইজারা চুক্তি ভঙ্গ করে পরিবেশ ও নদী ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

