জাগ্রত বার্তা প্রতিবেদক
রাজার ছেলে রাজা হবে’—এই বৃত্ত ভাঙতেই আমাদের লড়াই
নিজ জন্মভূমি কুলাউড়ার মাটিতে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কু লাউড়া এমন এক জনপদ—যেখানে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য কিংবা দুর্নীতির জায়গা নেই। এখানে মা-বোনেরা নিরাপদ, সমাজে ন্যায়বোধ টিকে আছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে হবিগঞ্জের জনসভা শেষে হেলিকপ্টারে কুলাউড়ায় পৌঁছালে দলীয় নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত
্তার মধ্য দিয়ে শুরু হওয়া জনসভায় জেলার সব উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। সভাস্থল কানায় কানায় ভরে ওঠে; পুরো উপজেলায় উৎসবের আমেজ দেখা যায়। জনসভায় জামায়াত আমীর বলেন, যে বাংলাদেশে নারীর সম্মানের নিশ্চয়তা নেই, যেখানে চাঁদাবাজি ও দুর্নীতি নিত্যদিনের ঘটনা, নিরীহ মানুষ মামলা দিয়ে হয়রানির শিকার—সে বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই এই বাংলাদেশই থাকুক, তবে তার চেহারা বদলাক। মানচিত্র অটুট থাকবে, বদলাবে শাসনের চরিত্র। সেই পরিবর্তনের দিন আসছে ১২ ফেব্রুয়ারি। দায়িত্বশীল প্রতিটি ভোটই ঠিক করবে দেশের আগামী পথচলা। তিনি আরও বলেন, যুবকরাই হবে আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। শ্রমিকদের মর্যাদা, নারীদের নিরাপত্তা এবং আইনের সমতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দুর্নীতি কমার সঙ্গে সঙ্গে উৎপাদনও বাড়বে—দেশ এগোবে যুবকদের হাত ধরেই। চা-শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে। “চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। চা-শ্রমিকদের ভুললে নিজেকেই ভুলে যেতে হবে,” বলেন তিনি। একই সঙ্গে উচ্চারণ করেন দৃঢ় প্রত্যয়—‘রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে’—এই ধারণা ভেঙে দিতে হবে। শ্রমিকের মেধাবী সন্তানও একদিন প্রধানমন্ত্রী হতে পারবে—এটাই আমাদের স্বপ্ন। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় ও জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এদিকে জনসভায় অনেকের কৌতুহল ছিল জেলার ৪টি আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের জামায়াত আমীর প্রতীক তুলে দিবেন এবং উপস্তিত জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন। তবে এক্ষেত্রে জামায়াত আমীর কুলাউড়া-২ আসনে ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেও ওই পর্বে ছিলেন না মৌলভীবাজার-৪ আসনে জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা আহমদ বিলাল এর নাম। জনসভায় দুইটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় তুলে ধরা হলেও জেলার আরও দুই আসনের জোট মনোনীত প্রার্থীদের নাম ওই পর্বে ঘোষণা করা হয়নি—এ নিয়ে উপস্থিতদের মধ্যে কৌতূহল লক্ষ্য করা যায়।

