প্রতিবেদক: তারফদার মামুন
চাঁদা না দেওয়ায় শিশুর ওপর হামলা, চৌমুহনায় জনতার তীব্র প্রতিরোধ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় লাড্ডু বিক্রি করা এক শিশুকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার রাত সাড়ে ৯টার পর ব্যস্ত এই এলাকায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা মুহূর্তেই জনতার ক্ষোভে রূপ নেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী , ১২ বছর বয়সী সিয়াম নামের শিশুটি পরিবারের অভাব দূর করতে দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে লাড্ডু বিক্রি করছিল। অভিযোগ রয়েছে, ওই এলাকায় বসতে হলে প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হতো। নির্ধারিত টাকা দিতে অস্বীকৃতি জান
ালে এক যুবক শিশুটিকে লাথি ও মারধর করে এবং তার লাড্ডু ছড়িয়ে দেয়। ঘটনার সময় পথচারীরা বিষয়টি প্রত্যক্ষ করে প্রতিবাদ জানালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্ত যুবকের শাস্তি দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে একটি শিশুর ওপর এমন আচরণ মেনে নেওয়া যায় না এবং এটি চাঁদাবাজির নগ্ন চিত্র। শিশু সিয়াম কান্নাজড়িত কণ্ঠে জানায়, সে প্রতিদিন অল্প অল্প করে লাড্ডু বিক্রি করে পরিবারের দেনা শোধের চেষ্টা করছে। ঘটনার রাতে মাত্র কয়েকটি লাড্ডু বিক্রি করতে পেরেছিল সে। এর মধ্যেই চাঁদার দাবিতে তার ওপর হামলা চালানো হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই চৌমুহনা ও আশপাশের এলাকায় ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। তবে ভয়ের কারণে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষুব্ধ ব্যবসায়ী ও নাগরিক সমাজের একটি অংশ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন , ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কারা এর সঙ্গে জড়িত এবং পেছনে কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে শহরের ফুটপাত ও ভাসমান ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে। সাধারণ মানুষের প্রত্যাশা, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হবে।

