প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজার–৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৩ (সদর ও রাজনগর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের শাহমোস্তফা সড়কের দেওয়ান মঞ্জিল এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় অতিথি ও নেতৃবৃন্দ
তাঁদের বক্তব্যে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি এবং এলাকার সার্বিক উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মৌলভীবাজার–৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা করে আসছে। সেই প্রত্যাশা পূরণে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তাঁরা। প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী আব্দুল মান্নান বলেন, দেশবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট, সমর্থন ও দোয়া প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই বিজয়ের পথ সুগম হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

